দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় এ দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার। প্রথম টেস্ট চলাকালে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে মহারাজকে। ফলে দ্বিতীয় টেস্টেও খেলবেন না তিনি। প্রথম টেস্টে বিশেষজ্ঞ স্পিনারের জায়গা ধরে রেখেছেন সাইমন হারমার।
এদিকে বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামীকে টেস্ট দলে ডাকা হয়েছে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
ওয়ানডে সিরিজের জন্য টেস্ট দলের মাত্র তিনজন ক্রিকেটারকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তাঁরা হলেন আনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি। তাঁদের মধ্যে বশ ও ডি জর্জি এখনো কোনো ম্যাচ খেলেননি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন নরকিয়া। দ্বিতীয় টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।
বাভুমা ছাড়াও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে। গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টেস্ট থাকায় তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।
তবে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন লুঙ্গি এনগিডি। চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। নরকিয়া, বশ, জেরাল্ড কোয়েৎজি, ডুয়ান ইয়ানসেন ও নকোবানি মোকোয়েনাকে নিয়ে গড়া পেস আক্রমণে থাকবেন এনগিডি।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগে নেতৃত্ব দেবেন কুইন্টন ডি কক, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবস। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন সিনেথেম্বা কেশিলে। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা এই ব্যাটার সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করেছেন। টাইটানসের হয়ে সাত ইনিংসে ১৯৭.৮৫ স্ট্রাইক রেটে ২৭৭ রান করেছেন তিনি। এর মধ্যে ১৪ বলে যৌথভাবে দ্রুততম ঘরোয়া টি-টোয়েন্টি ফিফটির রেকর্ডও গড়েছেন।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড এক বিবৃতিতে বলেন, ‘লুঙ্গিকে দলে ফিরে পেয়ে ভালো লাগছে। টেস্ট দলের সঙ্গে থেকে পুনর্বাসনের শেষ ধাপগুলো সম্পন্ন করেছে সে। আবার মাঠে নামার জন্য মুখিয়ে আছে। গত মৌসুমে সাদা বলের ক্রিকেটে সে আমাদের হয়ে দারুণ কার্যকর ছিল। আশা করি, এবারও সেখান থেকেই শুরু করতে পারবে।’
নরকিয়াকে নিয়ে তিনি বলেন, ‘৫০ ওভারের ক্রিকেটে আনরিখকে অনেক দিন দেখা যায়নি। সে দলে কী যোগ করতে পারে, তা আমাদের জানা। টেস্ট দলে ফেরার পর যে ছন্দ পেয়েছে, সেটি আরও এগিয়ে নেওয়ার ভালো সুযোগ এটি।’
এদিকে টি-টোয়েন্টি সিরিজের জন্যও পরীক্ষামূলক দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক মার্করামকে বিশ্রামে রাখা হয়েছে। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন বিয়র্ন ফরচুন। চলতি বছরের শুরুতে নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন তরুণ পেসার কুয়েনা মাফাকা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরলেও একই চোটে নতুন করে আক্রান্ত হওয়ায় দলে বিবেচিত হননি অটনিয়েল বার্টম্যান।
বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দল
ওয়ানডে: কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরচুন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।
টি-টোয়েন্টি: বিয়র্ন ফরচুন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কুয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।
এমএস/